বিয়ে করলেন আলোচিত তারকা জুটি বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মান্দানা। ভক্তদের দেওয়া নাম নিয়ে তাঁরা নিজেদের বিয়ের নামও দিয়েছেন ‘বিরোশ ওয়েডিং’। চলতি বছরের অন্যতম বহুল আলোচিত তারকা জুটির বিয়ে এটি। রুপালি পর্দার প্রেম বাস্তবে গড়িয়েছে দাম্পত্যে। তবে এই সম্পর্ক শুধু আবেগের নয়, এটি দুই সফল ক্যারিয়ারেরও মিলন। যৌথ সম্পদের হিসাব বলছে—১৩০ কোটির বেশি মূল্যের এক পাওয়ার কাপল তৈরি হতে যাচ্ছে টলিউডে।
৪৮ মিলিয়নের বেশি অনুসারী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল প্রভাবশালী রাশমিকা। দক্ষিণ ভারতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন তিনি। বিভিন্ন প্রতিবেদনের হিসাবে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ৬৬ কোটি রুপি। প্রতিটি ছবিতে পারিশ্রমিক নেন প্রায় চার কোটি রুপি। চলচ্চিত্রের বাইরে তাঁর আয় আসে পণ্যের শুভেচ্ছাদূত, বাণিজ্যিক প্রচার ও নিজস্ব সুগন্ধি ব্র্যান্ড থেকে।
‘পুষ্পা: দ্য রাইজ’, ‘পুষ্পা: দ্য রুল’, ‘অ্যানিমেল’, ‘সাবা’সহ একাধিক ব্যবসাসফল ছবিতে অভিনয় তাঁর বাজারমূল্য বাড়িয়েছে। দক্ষিণের পাশাপাশি হিন্দি ছবিতেও অবস্থান শক্ত করেছেন তিনি।
বিজয় ও রাশমিকা দুজনই তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসব ছবি প্রকাশ করেন।
বিজয় ও রাশমিকা দুজনই তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসব ছবি প্রকাশ করেন।ছবি: ইনস্টাগ্রাম থেকে বাড়ি-গাড়িতে বিলাসী জীবন
রাশমিকার নামে ভারতের বিভিন্ন শহরে একাধিক সম্পত্তি রয়েছে। বেঙ্গালুরুতে প্রায় আট কোটি রুপির বাড়ি। হায়দরাবাদ, মুম্বাই ও গোয়ায় সম্পত্তি রয়েছে। এ ছাড়া কর্ণাটকে নিজ শহর কুর্গে (কোডাগু) প্রায় আট কোটি রুপির ভিলা রয়েছে। কুর্গের বিরাজপেট এলাকায় সবুজে ঘেরা আধুনিক নকশার একতলা বাড়িটি তাঁর বিশেষ পছন্দের। প্রকৃতির কাছে থাকার জন্যই তিনি জায়গাটি বেছে নিয়েছেন বলে জানা গেছে।
গাড়ির সংগ্রহেও রয়েছে বিলাসের ছাপ—রেঞ্জ রোভার স্পোর্ট, অডি কিউ৩, মার্সিডিজ–বেঞ্জ সি-ক্লাস, টয়োটা ইনোভা ও হুন্দাই ক্রেটা।
২০২৪ সালে রাশমিকা ফোর্বস ইন্ডিয়ার ‘৩০ আন্ডার ৩০’ তালিকায় স্থান পান, যা তরুণ প্রভাবশালী তারকা হিসেবে তাঁর অবস্থান আরও সুদৃঢ় করে।
বিজয়ের সম্পদের পরিমাণ ৬৬ থেকে ৭০ কোটি রুপির মধ্যে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। প্রতি ছবিতে পারিশ্রমিক নেন ১২ থেকে ১৫ কোটি রুপি। ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকেও বড় অঙ্কের আয় হয় তাঁর। সামাজিক যোগাযোগমাধ্যমে স্পনসর পোস্টের জন্যই নেন প্রায় ৪০ লাখ রুপি।
আট বছরে রাশমিকা–বিজয়ের জীবনে যা হলো
নিজস্ব স্ট্রিটওয়্যার ব্র্যান্ড রয়েছে বিজয়ের। হায়দরাবাদ ব্ল্যাকহকস ভলিবল দলের সহমালিকানাও আছে। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন, ক্রীড়া ও রিয়েল এস্টেটে বিনিয়োগ করে আয়ের উৎস বহুমুখী করেছেন তিনি। হায়দরাবাদের জুবিলি হিলসে প্রায় ১৫ কোটি রুপির বিলাসবহুল বাংলো রয়েছে বিজয়ের। গাড়ির তালিকায় আছে—বিএমডব্লিউ ৫ সিরিজ, ফোর্ড মাস্ট্যাং, ভলভো এক্সসি৯০ ও রেঞ্জ রোভার।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩০ কোটি রুপির একটি প্রাইভেট জেটও রয়েছে তাঁর, যা তাঁর বিলাসী সম্পদের তালিকায় বিশেষ সংযোজন।
১৩০ কোটির পাওয়ার কাপল
দুজনের সম্পদ মিলিয়ে মোট মূল্য ১৩০ কোটির বেশি। দক্ষিণি চলচ্চিত্রে তরুণ প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী ও ধনী তারকা জুটির একটি হয়ে উঠছেন তাঁরা। আজ সকালে শুভ মুহূর্তে তেলেগু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। সন্ধ্যায় কনে অর্থাৎ রাশমিকার পরিবার কোডাভা প্রথা অনুযায়ী বাকি রীতি পালন করে। পরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে বিয়ের ছবি প্রকাশ করেন রাশমিকা।
.jpg)