এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক

এসএমই পণ্য মেলায় বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার মূল্য পরিশোধ করলে ১০ শতাংশ ক্যাশব্যাকের সুযোগ দিচ্ছে সিটি ব্যাংক। এছাড়া ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ওয়ান ব্যাংক, এনআরবিসি ব্যাংকসহ কয়কটি ব্যাংক তাদের নিজ বাংলা কিউআর কোডে মেলা উপলক্ষ্যে ছাড় রেখেছে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার (২২ নভেম্বর) শুরু হয়েছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এবারের মেলার প্রতিপাদ্য ‘এসএমই সমৃদ্ধিতে, অর্থনীতির প্রবৃদ্ধি’। মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনা মূল্যে প্রবেশ করা যাবে। সিটি ব্যাংকের স্টলে থাকা কর্মকর্তারা জানান, ক্রেতাদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করার পাশাপাশি মেলায় অংশ নেওয়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য বিক্রিতে নতুন মাত্রা যোগ করতে এই ক্যাশব্যাক সুবিধা রাখা হয়েছে। ব্যাংকিং খাতসংশ্লিষ্টর বলছেন, ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংক ২০২১ সালের জানুয়ারিতে বাংলা কিউআর ব্যবস্থার নির্দেশিকা প্রকাশ করে। এর মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পৃথক কিউআর কোডের পরিবর্তে একটি অভিন্ন ব্যবস্থায় লেনদেনের সুযোগ তৈরি করা। এ ব্যবস্থায় গ্রাহক অংশগ্রহণকারী ব্যাংক, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) বা পেমেন্ট সেবা প্রতিষ্ঠানের অ্যাপ ব্যবহার করে একই কিউআর কোড স্ক্যান করে মূল্য পরিশোধ করতে পারেন। ফলে ব্যবসায়ীদের একাধিক প্রতিষ্ঠানের জন্য আলাদা কিউআর কোড রাখার প্রয়োজন কমে আসে। জানা গেছে, এবারের মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশই নারী। দেশীয়ভাবে উৎপাদিত পণ্য ও সেবার বিপণন, ক্রেতা-বিক্রেতার সংযোগ এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। জুতা ও চামড়াজাত পণ্য, পাটপণ্য, হস্তশিল্প, পোশাক, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্য, ভেষজ পণ্য, গয়না এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শিত হচ্ছে। বিদেশি বা আমদানি করা পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ নেই। মেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যও স্টল বরাদ্দ রাখা হয়েছে। সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি, ব্যাংক এশিয়া, ওয়ান ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, ইসলামী ব্যাংক, এনআরবিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ৩৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং ১৫টি সরকারি সংস্থা মেলায় স্টল দিয়েছে। এসব প্রতিষ্ঠানের স্টলে উদ্যোক্তারা এসএমই ঋণ, পুনঃঅর্থায়ন, নারী উদ্যোক্তা অর্থায়ন, ব্যবসা সম্প্রসারণ এবং অন্যান্য ব্যাংকিং সেবা সম্পর্কে তথ্য ও পরামর্শ নিতে পারছেন। মেলার আয়োজনের মধ্য দিয়ে উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি অর্থায়নপ্রাপ্তির সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মেলায় ঋণসংক্রান্ত পরামর্শ, প্রশিক্ষণ, কর্মশালা এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগ কার্যক্রমেরও আয়োজন রয়েছে। এর ফলে উদ্যোক্তারা নিজেদের ব্যবসার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সরাসরি জানতে এবং অর্থায়নের সম্ভাবনা যাচাই করতে পারছেন।
Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন