প্রবাসীদের জন্য ব্যাংক হিসাবের নতুন নিয়ম, বাড়লো সুবিধা

প্রবাসীদের ব্যাংকিং সেবা সহজ ও নিরাপদ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা হিসাব (এনআরসিটিএ) পরিচালনার নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে বিদেশে বসেই অনলাইনে এ হিসাব খোলা ও পরিচালনা করতে পারবেন প্রবাসীরা। পাশাপাশি হিসাবের জমা অর্থ ও এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফা বিদেশে নেওয়া, দেশে বিনিয়োগ এবং জমা অর্থের বিপরীতে ঋণ নেওয়ার সুযোগও রাখা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের উদ্দেশ্য হলো প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে জমা রাখার সুযোগ তৈরি করা, দেশে অর্থ ব্যবহারের পরিসর বাড়ানো এবং বৈধ বিনিয়োগে উৎসাহ দেওয়া। নতুন নির্দেশনা অনুযায়ী, আগে অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে হিসাব খোলার সুযোগ থাকলেও এখন অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকেও এনআরসিটিএ হিসাব খোলা যাবে। প্রবাসীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সঞ্চয়ী, চলতি কিংবা মেয়াদি আমানত-এই তিন ধরনের হিসাবের যেকোনোটি বেছে নিতে পারবেন। এ ছাড়া অনলাইন ও ই-ব্যাংকিং সেবার মাধ্যমে বিদেশে থেকেই হিসাব খোলা ও পরিচালনা করা যাবে। ফলে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে দেশে আসার প্রয়োজন কমবে। বিদেশে উপার্জিত অর্থ ব্যাংক, এক্সচেঞ্জ হাউস, অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠান কিংবা প্রবাসীদের নিজস্ব বৈদেশিক মুদ্রা হিসাব থেকে সরাসরি এনআরসিটিএ হিসাবে জমা রাখা যাবে। এ হিসাবের অর্থ দিয়ে দেশে ব্যক্তিগত খরচ মেটানো, অন্য ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর এবং সরকার অনুমোদিত বিভিন্ন খাতে বিনিয়োগ করা যাবে। একই সঙ্গে হিসাবের জমা অর্থ জামানত হিসেবে রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুযোগও পাবেন প্রবাসীরা। নতুন নিয়মের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, এনআরসিটিএ হিসাবে জমা রাখা মূল অর্থ এবং এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফা বিদেশে ফেরত নেওয়ার সুযোগ। ফলে প্রয়োজন অনুযায়ী প্রবাসীরা দেশে রাখা অর্থ আবার বিদেশে স্থানান্তর করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের মতে, এনআরসিটিএ প্রবাসীদের উপার্জিত অর্থ নিরাপদে সংরক্ষণ, দেশে ব্যবহার এবং বৈধ বিনিয়োগের সুযোগ বাড়ানোর একটি ব্যাংকিং ব্যবস্থা। নতুন নির্দেশনার ফলে প্রবাসীরা দেশে না এসেও হিসাব পরিচালনা, অর্থ স্থানান্তর ও বিনিয়োগের মতো আর্থিক কার্যক্রম সহজে সম্পন্ন করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এনআরসিটিএ হিসাব পরিচালনার নতুন নিয়মের বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত সংশ্লিষ্ট সার্কুলার দেখা যাবে।
Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন