পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মোট ৩ হাজার ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রস্তাবিত নয় সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ৩১তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদন পাওয়া পাঁচ ব্যাংক হলো-ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ব্যাংক এশিয়া। এর মধ্যে ওয়ান ব্যাংক ৪০০ কোটি, সাউথইস্ট ব্যাংক ৮০০ কোটি, ব্র্যাক ব্যাংক ১ হাজার কোটি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৫০০ কোটি এবং ব্যাংক এশিয়া ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, সাউথইস্ট ব্যাংক সাত বছর মেয়াদি সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। অন্যদিকে, ওয়ান ব্যাংক ইস্যু করবে সাবঅর্ডিনেটেড বন্ড-৬। এ দুটি বন্ডের কুপন রেট নির্ধারিত হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে। বন্ড বিক্রি থেকে পাওয়া অর্থ বাসেল-৩ নীতিমালার আওতায় ব্যাংক দুটির টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে।
ব্র্যাক ব্যাংক তিন বছর মেয়াদি ১ হাজার কোটি টাকার জিরো-কুপন গ্রিন বন্ড ইস্যু করবে। এ বন্ডের সম্ভাব্য ডিসকাউন্ট রেট ৮ দশমিক ৫ শতাংশ। বন্ড থেকে সংগৃহীত অর্থ ব্যাংকটির যোগ্য গ্রাহকদের পরিবেশবান্ধব প্রকল্পে কম খরচে অর্থায়নে ব্যবহার করা হবে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সাত বছর মেয়াদি ৫০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। এ বন্ডের কুপন রেটও রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে নির্ধারণ করা হবে। সংগৃহীত অর্থ বাসেল-৩ নীতিমালা অনুযায়ী ব্যাংকটির টিয়ার-২ মূলধন বাড়াতে ব্যয় করা হবে।
অন্যদিকে, ব্যাংক এশিয়া সাত বছর মেয়াদি ৮০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুলি রিডিমেবল, ফ্লোটিং রেট অ্যান্ড সাসটেইনেবল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। এ বন্ডের কুপন রেট নির্ধারিত হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে। বন্ড থেকে পাওয়া অর্থ ব্যাংকটির টিয়ার-২ মূলধন শক্তিশালী করার পাশাপাশি যোগ্য সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন এবং পুনঃঅর্থায়নে ব্যবহার করা হবে।
পাঁচটি বন্ডই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, উচ্চ সম্পদশালী ব্যক্তি এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর কাছে ইস্যু করা হবে। এর মধ্যে ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ব্যাংক এশিয়ার বন্ড দেশের স্টক এক্সচেঞ্জের মূল বাজারে তালিকাভুক্ত করতে হবে। তবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বন্ডের ক্ষেত্রে সংবাদ বিজ্ঞপ্তিতে তালিকাভুক্তির শর্ত উল্লেখ করা হয়নি।
পাঁচ ব্যাংকের বন্ড অনুমোদনের পাশাপাশি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রস্তাবিত নয় সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের বিষয়েও অনাপত্তি দিয়েছে বিএসইসি।
কমিশনের প্যানেলভুক্ত আইনজীবীর মাধ্যমে আদালতের মৌখিক নির্দেশনার বিষয়টি অবহিত হওয়ার পর বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
