পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসির মূলধন ভিত্তি আরও শক্তিশালী করতে ৩০০ কোটি টাকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ১৩ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়। ৩০০ কোটি টাকা সংগ্রহের জন্য কনটিনজেন্ট-কনভার্টিবল পারপেচুয়াল বন্ড ছাড়া হবে।
বাসেল-৩-এর আওতায় ব্যাংকের মূলধন কাঠামো আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততা-সংক্রান্ত নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তাবিত বন্ডটি অতিরিক্ত টিয়ার-১ বা এট-১ মূলধন হিসেবে গণ্য হবে।
তবে বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন নিতে হবে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই ঢাকা ব্যাংক বন্ডটি ইস্যু করতে পারবে।
