ফল আমদানির এলসিতে শতভাগ মার্জিনের শর্ত প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিন নির্ধারণ করা যাবে। ডলার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফলের সরবরাহ স্বাভাবিক এবং দাম সহনীয় রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, শিশু, রোগী, বৃদ্ধ এবং গর্ভবতী মায়েদের নিত্যদিনের খাদ্যতালিকায় ফল একটি অপরিহার্য পুষ্টিকর উপাদান। জনস্বাস্থ্য ও পুষ্টি চাহিদা বিবেচনা করে ফল আমদানি সহজ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে এবং ফলের দাম সাধারণ মানুষের হাতের নাগালে আসবে বলে আশা করা যায়।
এতে আরও বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ফলের মতো কিছু বিলাসজাতীয় ও আমদানি বিকল্প পণ্যের ওপর শতভাগ নগদ মার্জিন আরোপ করা হয়। বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রা বিনিময় হার ও লেনদেনে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ফিরে আসায় ফলের ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে। তবে অন্যান্য বিলাসজাতীয় পণ্যের আমদানির ক্ষেত্রে ওই সময়ে দেওয়া নিয়ম অপরিবর্তিত থাকবে।
