আগামী সপ্তাহে কমবে গ্যাস সংকট: প্রতিমন্ত্রী

 


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘আগামী সপ্তাহ থেকে গ্যাসসংকট কিছুটা কেটে যাবে। গ্যাসসংকটের জন্য জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।


সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।


প্রতিমন্ত্রী বলেন, ‘এই ভুলটি বেসরকারি প্রতিষ্ঠানের। সরকারি প্রতিষ্ঠানের এখানে ভুল নেই। তাদের সঙ্গে যৌথভাবে কাজ করছে সরকার।



তাৎক্ষণিক সমাধান দিতে না পারা ব্যর্থতা, এ জন্য বারবার দুঃখপ্রকাশ করছে সরকার। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি।’


তিনি বলেন, ‘সরকার এক্সিলারেট এনার্জির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। তাদের সঙ্গে প্রাথমিক কথাবার্তার ভিত্তিতে আশা করছি, গ্যাসসংকট আগামী সপ্তাহ থেকে কিছুটা কমতে শুরু করবে।



সরকারের তরফ থেকে সব প্রচেষ্টা অব্যাহত আছে।’

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘আমদানীকৃত গ্যাস এবং দেশীয় উৎপাদন দিয়েও চাহিদার পুরোটা পূরণ করতে পারছি না। সমাধানে বিকল্প উৎস সন্ধান চলছে, বিকল্প প্রযুক্তি নিয়ে ভাবা হচ্ছে। ভোলার উদ্বৃত্ত গ্যাস পাওয়ার প্ল্যান্ট, ইন্ডাস্ট্রিতে সরবরাহ নিয়ে কাজ হচ্ছে। একটি চীনা কম্পানি বাংলাদেশ সফর করছে, তাদের সঙ্গে কথা হচ্ছে।



মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।’


তিনি বলেন, ‘দীর্ঘ সময় পরিকল্পনামাফিক জ্বালানি নিয়ে কাজ হয়নি। গত দেড় যুগ আগের সরকার দীর্ঘমেয়াদি সমাধান না খুঁজে তাৎক্ষণিক সমাধান খুঁজেছে এবং তাদের অসৎ উদ্দেশ্যের জন্য সংকট এ পর্যায়ে এসেছে।’

Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন