২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, ভর্তি ৫৩৪


দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মোট ৫০ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত একদিনে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।


বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।



স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (১৩১ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৭১, বরিশাল বিভাগে ৬৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬, খুলনা বিভাগে ৪৫, ময়মনসিংহ বিভাগে ৩৭, রাজশাহী বিভাগে ৩০, রংপুর বিভাগে ২৬ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।



সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৩ জন মারা গেছেন। এ ছাড়াও উল্লেখিত সময়ে ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগে ৬ জন করে মোট ১৮ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৫, রাজশাহী বিভাগে ৩ এবং রংপুর বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন