বরিশাল যাচ্ছেন তারেক রহমান, ১৩ জুলাই


বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই হবে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। এ সফরকে কেন্দ্র করে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে রাজনৈতিক অঙ্গন, দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।


বুধবার (৮ জুলাই) সকালে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সফরকে ঘিরে দলীয়ভাবে প্রস্তুতি শুরু হয়েছে এবং বরিশালে প্রধানমন্ত্রীর আগমনকে সফল করতে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।



দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের সিদ্ধান্ত চূড়ান্ত হলেও জনসভাস্থল, সফরের বিস্তারিত কর্মসূচি এবং আনুষ্ঠানিক প্রটোকল এখনো নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে সফরের সার্বিক রূপরেখা, নিরাপত্তা ব্যবস্থা, জনসভা, সাংগঠনিক বৈঠক এবং অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম চূড়ান্ত করা হবে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় উন্নয়ন বিশ্লেষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, দীর্ঘদিন ধরে আলোচিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ সফর ইতিবাচক ভূমিকা রাখবে।


বিশেষ করে দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার সম্ভাবনার কথা আলোচনা হচ্ছে। একই সঙ্গে পায়রা সমুদ্রবন্দরকে ঘিরে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, শিল্পায়ন এবং কুয়াকাটা পর্যটন অঞ্চলকে কেন্দ্র করে নতুন বিনিয়োগ ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনাও গুরুত্ব পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



স্থানীয়দের মতে, বরিশাল ও দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। বিশেষ করে সড়ক যোগাযোগ, নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন খাতের উন্নয়ন এবং বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের বিষয়ে নতুন ঘোষণা আসতে পারে বলে আশা করছেন অনেকেই।


দলীয় সূত্র আরও জানায়, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল জেলা বিএনপি, মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিশেষ সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন। সেখানে দলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি, তৃণমূলের অবস্থা এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে।


সফরের প্রস্তুতি প্রসঙ্গে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন,আমরা দলীয়ভাবে জানতে পেরেছি যে আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী বরিশাল সফরে আসছেন। এটি বরিশালবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর। তাঁর সফরকে সফল করতে আমরা মাঠপর্যায়ে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। দলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বিকেলে নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সেখানে সফরকে কেন্দ্র করে সাংগঠনিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।


প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নগরীর বান্দ রোডের বেলস পার্ক মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। ওই সফরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন