প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার একটি বিপর্যস্ত ও বিধ্বস্ত পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছে। দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এ সময়ে দায়িত্বহীনভাবে চললে দেশের ক্ষতি হতে পারে বলে সতর্ক করেন তিনি।
রোববার (৩১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। তিনি দাবি করেন, জিয়াউর রহমান যে আদর্শ ও উন্নয়ন ভাবনা নিয়ে দেশ গঠনের উদ্যোগ নিয়েছিলেন, বর্তমান সরকার সেই পথ অনুসরণের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, জনগণ সবসময় তাদের কাছেই প্রত্যাশা রাখে, যাদের কাছ থেকে ইতিবাচক কিছু পাওয়ার আশা থাকে। তাই জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, কঠোর পরিশ্রম, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়েছিলেন। সে সময় অনেকেই জিয়াউর রহমান ও বাংলাদেশকে একই সূত্রে দেখতেন। দেশের উন্নয়নে তার কর্মপদ্ধতি ও আদর্শ অনুসরণ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সমাজে নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষার গুরুত্ব উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ক্ষেত্রে কিছু ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এসব মূল্যবোধ শিশু-কিশোরদের মধ্যে আরও কার্যকরভাবে গড়ে তোলার বিষয়ে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
