বিরোধী দলের নামের তালিকা পেলেই জুলাই সনদের পথে হাঁটব: আইনমন্ত্রী
বিরোধী দল তাদের প্রতিনিধিদের নামের তালিকা দিলেই জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, সংসদের সর্বশেষ অধিবেশনের আগে সরকার ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিল। এতে সরকারের পক্ষ থেকে সাতজন এবং স্বতন্ত্র প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজনকে রাখা হয়েছে। বাকি পাঁচজন সদস্যের জন্য বিরোধী দলের কাছে নাম চাওয়া হয়েছে।
বাতিল হওয়া অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সামনে উপস্থাপিত হবে কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাতিল না, এটা হলো আমরা উপস্থাপন করিনি। আগে আমরা বলেছি, আরও যাচাই বাছাই করছি। এরইমধ্যে দুটি আইন নিয়ে আমরা ফাস্ট কনসাল্টেশন করেছি। একটি হল মানবাধিকার কমিশন আইন এবং আরেকটি গুম কমিশন আইন। আমাদের অনেক সুপারিশ এসেছে, সেগুলো যাচাই-বাছাই করে দেখছি। দ্রুত সময়ের মধ্যে সম্ভব হলে আমরা সেগুলোকে সামনের কাতারে নিয়ে আসব।
রাজধানীর মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন বলে আশা প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, সরকারের হাতে যতটুকু সময় ও ক্ষমতা রয়েছে, তা প্রয়োগ করেছে। বলেছিলাম এক সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ, এক সপ্তাহের মধ্যেই চার্জশিট দিতে পেরেছি। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব।
তিনি বলেন, সোমবার আদালত খুলবে, প্রথম দিনেই এই মামলার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রাখা হয়েছে। এটা আদালতের এখতিয়ার। আমরা শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারি।
আইনমন্ত্রী বলেন, বাকিটা আদালত যেটা ন্যায়বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। তবে যে যেরকম সাক্ষ্য-প্রমাণ রয়েছে এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে, সে বিবেচনায় আদালত সর্বোচ্চ শাস্তির বিষয়টি বিবেচনায় নেবেন বলে মনে করি।
