ঈদের সিনেমা নিয়ে আলোচনা শুরু হয় সাধারণত ট্রেলার প্রকাশের পর। কিন্তু এখন সময় বদলেছে। সিনেমা মুক্তির আগেই দর্শকদের মাথায় ঢুকে পড়ে গান। কেউ রিল বানায়, কেউ গাড়িতে বাজায়, কেউ আবার রাতে হেডফোন কানে নিয়ে বারবার শোনে একই গান।
এবারের ঈদুল আজহাতেও ঠিক সেটাই হচ্ছে। সিনেমাগুলো এখনো হলে ওঠেনি, কিন্তু গানগুলো এরই মধ্যে দর্শকদের প্লেলিস্টে জায়গা করে নিতে শুরু করেছে। কোথাও প্রেমের সুর, কোথাও লোকগানের মাটির গন্ধ, কোথাও আবার আইটেম গানের বিট। সব মিলিয়ে এবারের ঈদের সিনেমার গানগুলোতে বেশ বৈচিত্র্য দেখা যাচ্ছে।
ঈদের আলোচিত সিনেমাগুলোর তালিকায় শুরু থেকেই আছে রকস্টার। শাকিব খান অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। প্রথম গান ‘পিরিতি’ প্রকাশের পর থেকেই আলোচনা শুরু হয়। গানটিতে একদিকে আছে আধুনিক সিনেমার ঝকঝকে আয়োজন, অন্যদিকে আছে লোকগানের আবহ। গানটির কথা লিখেছেন হাসান রোবায়েত। সুর করেছেন আহমেদ হাসান সানি। সংগীত পরিচালনায় ছিলেন জাহিদ নিরব।
তবে সবচেয়ে বড় আকর্ষণ সম্ভবত পান্থ কানাই। তিনি কেবল গানে কণ্ঠ দেননি, পর্দাতেও হাজির হয়েছেন। ফলে গানটিতে এক ধরনের আলাদা প্রাণ এসেছে।
এরপর প্রকাশিত হয় ‘আমাকে উড়িয়ে যে দাও’। প্রেম আর আবেগে ভরা এই গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন আহমেদ হাসান সানি। গানটিতে আধুনিক পপ ঘরানার মিশেল আছে।
হাওয়া দিয়ে আলোচনায় আসা নির্মাতা মেজবাউর রহমান সুমন এবার নিয়ে আসছেন রইদ। আর সিনেমাটির গান শুনলে মনে হয় যেন, গ্রামের কোনো মেলা বা নদীর ঘাটে বসে আছেন। ‘রইদে আইলা গা জুড়াইতে’ গানটিতে আছে লোকজ সুরের দারুণ টান। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব।
আরেকটি গান ‘মন ছাড়া কি’ যেন আরও গভীর আবহ তৈরি করে। বাউল ঘরানার এই গানটির রচয়িতা মাতান চাঁদ গোস্বামী। কণ্ঠ দিয়েছেন কানাই দাস বাউল। নতুন সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
সিনেমার প্রচারণায় প্রকাশ পেয়েছে মেঘদল ব্যান্ডের গান ‘রহে না’। গানটিতে বিষণ্নতা আছে, আবার এক ধরনের ঘোরও আছে। কথা ও কণ্ঠ দিয়েছেন শিবু কুমার শীল।
ঈদের সিনেমা আর আইটেম গান—বরাবরই জনপ্রিয়। সাইফ চন্দন পরিচালিত মালিক সিনেমায় আছে এমনই এক গান ‘গুলগুলি পিঠা’। গানটির সুর ও সংগীত করেছেন আদিত রহমান। কণ্ঠ দিয়েছেন মিলা ও প্রতীক হাসান। কথা লিখেছেন লুৎফর হাসান। সোশ্যাল মিডিয়ায় গানটি নিয়ে ইতোমধ্যে বেশ আলোচনা শুরু হয়েছে।
মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত বনলতা সেন সিনেমার গান ‘কোথাও কেউ নেই’ একটু ধীর, একটু নস্টালজিক। কথা লিখেছেন বাপ্পা মজুমদার ও শাহান কবন্ধ। সুর, সংগীত আয়োজন ও কণ্ঠও দিয়েছেন বাপ্পা মজুমদার নিজেই।
সব মিলিয়ে এবারের ঈদের সিনেমার গানগুলোতে যেন সব ধরনের স্বাদই আছে। প্রেম, লোকজ সুর, ব্যান্ড মিউজিক, আইটেম বিট—সব একসঙ্গে মিশে তৈরি হয়েছে গানের কম্বো।
এখন দেখার অপেক্ষা, গানগুলোর মতো সিনেমাগুলোও দর্শকের মন জয় করতে পারে কি না
