ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান ও আইনজীবী মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
শুনানি শেষে আইনজীবী এমকে রহমান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে আমরা রিটটি করেছিলাম। এই ১৮ মাসে অর্থনীতি, স্বাস্থ্যসহ দেশের সবক্ষেত্রে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা এখানে বাঞ্ছনীয়, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার এসেও বিষয়টিকে উপেক্ষা করতে না পারে।
আইনজীবী মহসিন রশীদ বলেন, এ সময়ে যা কিছু ঘটেছে, আমরা তার সুষ্ঠু তদন্ত চেয়েছি। পুরো বিষয়টি কিভাবে তদন্ত হবে, তা সরকার ঠিক করবে। গত শুনানিতে অ্যাটর্নি জেনারেল সময় নিয়েছিলেন সরকারের পক্ষ থেকে নির্দেশনা জানার জন্য। তবে আজ আদালত শুনানি শেষে রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন।
