যারা ভুলে হোক বা যে কোনো কারণে হোক দেশের টাকা বাইরে নিয়ে গেছেন তারা চাইলে জরিমানা ছাড়াই নিয়মিত কর দিয়ে সে টাকা দেশে ফেরত আনতে পারবেন বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
তিনি বলেন, অনেকে বলছেন আমরা দেশের টাকা বিদেশে নিয়ে গেছি এ টাকাটা কিভাবে আনবো? আমরা বলেছি আমাদের রাস্তা খুবই ওপেন, একেবারে ওপেন। যে কেউ চাইলে আমাদের বিদ্যমান আইন অনুযায়ী তিনি সে টাকা নিয়ে আসতে পারেন। ব্যক্তি করদাতার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, তিনি রিটার্ন সাবমিট করেছেন কিন্তু বিদেশে নিয়ে যাওয়া অর্থ রিটার্নে দেখাননি। তিনি আইন অনুযায়ী ১৮০ দিনের মধ্যে রিভাইজড রিটার্ন দাখিল করতে পারেন। ওনি রিভাইজড রিটার্ন জমা দিয়ে কর দিয়ে দিক। ওনাকে মোস্ট ওয়েলকাম ওনি বাংলাদেশের টাকা বাংলাদেশে নিয়ে আসুক। ওনাকে কোনো জরিমানা করা হবে না।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে বিভিন্ন ব্যবসায়ি ও উদ্যোক্তা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনায় অংশ নিয়ে রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পক্ষ থেকে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুবিধা চাওয়া হয়। এ জন্য তারা আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ১৯ বিধিধারার পুনঃপ্রবর্তনের দাবি জানান।
