হরমুজ প্রণালি পাহারায় মিত্রদের পাশে পাচ্ছেন না ট্রাম্প


বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি খোলা রাখতে সহায়তা চেয়ে মিত্রদের পাশে পাচ্ছেন না তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান নাকচ করে দিয়েছে অস্ট্রেলিয়া ও জাপান ।

গুরুত্বপূর্ণ এই রুট খোলা রাখতে ট্রাম্প সাহায্যের আহ্বান জানানোর পর অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী ক্যাথেরিন কিং বলেন, ‘আমরা হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠাব না।’

তিনি বলেন, ‘অনুরোধের বিষয়ে আমাদের অবস্থান কী, তা আমরা খুব স্পষ্ট করে বলেছি। সংযুক্ত আরব আমিরাতে প্রতিরক্ষা সহায়তার জন্য বিমান সরবরাহ করছি, বিশেষ করে সেই অঞ্চলে অস্ট্রেলিয়ানদের সংখ্যা বিবেচনা করে।’

এদিকে, জাপান জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ পাহারা দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি পার্লামেন্টে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে তেলের ট্যাংকারগুলো পাহারা দেওয়ার জন্য নৌযান পাঠানোর কোনো পরিকল্পনা টোকিওর নেই।

তিনি বলেন, ‘আমরা এসকর্ট জাহাজ পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। জাপান স্বাধীনভাবে কী করতে পারে এবং আইনি কাঠামোর মধ্যে কী করা যেতে পারে, তা আমরা পরীক্ষা করে দেখছি।’

অন্যদিকে ফ্রান্স জানিয়েছে, তারা আন্তর্জাতিক মিশনের মাধ্যমে জাহাজ পাহারা দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছে, তবে তা যুদ্ধ থামার পর। জার্মানি এই পরিকল্পনার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। তারা সরাসরি এই যুদ্ধের অংশ হতে চায় না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে।

ইরান কার্যকরভাবে সংকীর্ণ এই জলপথ অবরোধ করে রেখেছে।

Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন