জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

 


পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত এবার ঈদের দিন সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিবছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিতব্য প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। এই জামাতে বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতর উপলক্ষে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি সকাল ৭টায় অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। এরপর সকাল ৮টায় দ্বিতীয় জামাতের ইমামতি করবেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী এবং সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন। চতুর্থ জামাতটি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এবং এর দায়িত্ব পালন করবেন মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী। সবশেষে সকাল ১০টা ৪৫ মিনিটে পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে, যার ইমামতি করবেন মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। 

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বায়তুল মোকাররমের এই ৫টি জামাতে বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন সংস্থাটির সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম।

Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন