তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, সংসদীয় রীতিনীতি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন এবং এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, সংসদকে কার্যকর ও জীবন্ত রাখা সরকারি দলের অন্যতম প্রধান দায়িত্ব। সেই লক্ষ্যে সংসদ সদস্যরা যাতে আইন বিভাগকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে জনগণের সেবা নিশ্চিত করতে পারেন, সেজন্যই এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলের চতুর্থ সেশনের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হওয়ার কথা রয়েছে।
