ভোটের ফলাফল সংকলন শুরু ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায়: ইসি সচিব


নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষে ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকেই রিটার্নিং অফিসাররা ফলাফল সংকলন শুরু করবেন। তিনি বলেন, পোস্টাল ব্যালট গণনায় কিছুটা সময় লাগলেও ফলাফল ঘোষণার প্রক্রিয়া কোনোভাবেই দীর্ঘায়িত হবে না।

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশী সংবাদকর্মীদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন অনু্‌ষ্ঠানে ইসি সচিব এসব কথা বলেন।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন হলে ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে এ কম্পাইলেশন বা কনসলিডেশনের জন্য রিটার্নিং অফিসাররা এরই মধ্যে সময়সূচি ঘোষণা করেছেন। এর অর্থ কোনো অবস্থাতেই এটা দীর্ঘায়িত হবে না।

সিনিয়র সচিব জানান, ভোট গ্রহণের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। একটি আসনের প্রার্থীর মৃত্যুর ফলে ওই আসনের ভোট আপাতত স্থগিত হয়েছে। বাকি ২৯৯টা আসনের সব ব্যালট পেপার চলে গেছে। সব নির্বাচন উপকরণ চলে গেছে। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের কাছে চলে যাচ্ছে।

ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে ইসি সচিব বলেন, অসংখ্য ত্রুটি ছিল যেগুলোকে আমরা সমাধান করতে পেরেছি। কিন্তু আমি জোর গলায় দাবি করতে পারব না যে আমরা শতভাগ শুদ্ধ করতে পেরেছি।

এবারের ভোটে তরুণ ভোটার অন্তর্ভুক্তি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে তিনি জানান, গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মোবাইলফোন নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে ইসি সচিব বলেন, সেলফোন এখন তো আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। সেলফোন নিয়ে কারো মনে অসন্তোষ না থাকে তাই আমরা নির্দেশনাটা প্রত্যাহার করেছি।

Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন