আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় বাজেটকে আরও যুগোপযোগী ও অংশীদারত্বমূলক করতে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে আয়করসহ অন্যান্য প্রত্যক্ষ কর সংক্রান্ত প্রস্তাব চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
১৫ মার্চের মধ্যে বিভিন্ন চেম্বার ও বণিক সমিতিগুলোকে ছক তৈরি করে এনবিআরের করনীতি শাখার কাছে (হার্ড কপি) সুপারিশ ও প্রস্তাব পাঠাতে অনুরোধ করা হয়েছে। হার্ডকপির পাশাপাশি সরাসরি ই–মেইলের (taxpolicynbr@gmail.com) মাধ্যমেও প্রস্তাব–সুপারিশ পাঠানো যাবে।
এনবিআর জানায়, বিভিন্ন ব্যবসায়ী সমিতি, চেম্বার ও প্রতিষ্ঠানের কাছে পাঠানো চিঠিতে মোট চারটি বিষয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। বিষয়গুলো হচ্ছে- ২০২৩ সালের আয়কর আইন; ২০২৪ সালের উৎসে কর বিধিমালা ও অন্যান্য বিধিমালা; ২০০৩ সালের ভ্রমণ কর আইন এবং ১৯৯০ সালের দান কর আইন। ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ এরইমধ্যে শুরু হয়েছে। প্রত্যক্ষ করব্যবস্থাকে আরও যুগোপযোগী ও অংশীদারত্বমূলক করার লক্ষ্যে ওই প্রস্তাবনা চাওয়া হয়েছে।
এনবিআরের চিঠিতে ব্যবসায়ীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে আয়করসহ অন্যান্য প্রত্যক্ষ করসংক্রান্ত আইন-বিধির ওপর সুচিন্তিত মতামত, প্রস্তাব ও সুপারিশ চাওয়া হয়েছে বলেও জানা যায়।
.jpg)