আমাদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারেনি : জিএম কাদের

 


জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ক্ষমতায় আমরা যেতে পারিনি, কিন্তু আমাদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারেনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, হোসাইন মোহাম্মদ এরশাদ যখন স্বেচ্ছায় পদত্যাগ করছিলেন, তারপর থেকে অনেক রথী মহারথী, রাজনীতির আতিপাতি নেতা কোনো সময় আলাদা কোনো সময় সম্মিলিতভাবে জাতীয় পার্টির কবর রচনার ঘোষণা দিয়েছিলেন। তবে আল্লাহর রহমতে, জনগণের ভালোবাসার কারণে, বিশেষ করে রংপুরের মানুষ যেভাবে নিজের সন্তানকে আগলে রেখেছিলেন, তার জন্য এটা কখনোই সম্ভব হয়নি।

তিনি বলেন, রংপুরের মানুষ বুক পেতে দিয়ে জাতীয় পার্টিকে ধারণ করেছিলে, রক্ষা করেছিল। সে কারণে জাতীয় পার্টির আবার পুনর্জাগরণ হয়েছে। বারবার জাতীয় পার্টিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছে আবার জাতীয় পার্টি নতুন উদ্যমে সারাদেশে ছড়িয়ে পড়েছে।

জিএম কাদের বলেন, আমাদের উপর জুলুম করা হয়েছে। আমরা বিশ্বাস করি ,আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। শেষ পর্যন্ত এই জুলুমবাজদের পরিণতি খুব একটা ভালো হয়নি। আমরা আছি থাকব এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে শ্রদ্ধার পাত্র হয়েই থাকব। জাতীয় পার্টি দেশের রাজনীতিতে সবসময়ই একটি গুরুত্বপূর্ণ নেয়ামত হিসেবে ছিল এবং এখনো আছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ক্ষমতায় আমরা যেতে পারিনি, কিন্তু আমাদেরকে বাদ দিয়ে আবার কেউ ক্ষমতায় যেতে পারেনি। জাতীয় পার্টিকে যতই চেষ্টা করা হোক, জাতীয় পার্টি কিন্তু সঠিকভাবেই আছে। জনগণের সমর্থন নিয়ে আছে, জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে। জাতীয় পার্টি আগের চেয়ে আরও বেশি উজ্জীবিত ও সংগঠিত।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আগের তুলনায় লাঙ্গলের ভোট বেড়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন হলে জাতীয় পার্টি জিতবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, গত রোববার (১ ফেব্রুয়ারি) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রংপুরের কাউনিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি কর্তৃক আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বলেন, ভারতের রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এই জাতীয় পার্টিকে ১২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক দাফন সম্পন্ন করতে হবে। তারা অলরেডি মৃত। ১২ তারিখ ভোটের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক জানাজা হবে।

এর পরিপ্রেক্ষিতে জিএম কাদের বলেন, যে যাই বলুক, ইতোপূর্বেও পারেনি, ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না।

Previous Post Next Post

বিজ্ঞাপন

বিজ্ঞাপন